
যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। মঙ্গলবার দুপুরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর জাহাঙ্গীর তালুকদার (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুরে সমু চৌধুরী নিজের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে অভিনেতার মাথায় আঘাত করেন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মাথায় তিনটি সেলাই দেন।
বাড়িতে এসে এ রকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে, আমি হতভম্ব হয়ে গেছি। আমি ওই জায়গাটা পরিষ্কার করতে চেয়েছিলাম, এতে অনেকের সমস্যা হচ্ছে। আমার ওপর হামলা হলো। - সমু চৌধুরী, অভিনেতা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহসান কবির জানান, আহত অভিনেতার মাথায় জখম ছিল, তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। এই ঘটনায় স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশিষ্টজনেরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।