
খুলনা: খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দেড় মাস পর তাঁর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর রূপসা উপজেলায় ১২টি হত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে একটি চায়ের দোকানের বেঞ্চে বসে স্থানীয় লোকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আক্তার ঢালী। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে বেঞ্চের পাশে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী নিহত হয়েছেন। কী কারণে এবং কারা তাঁকে গুলি করে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় দুর্জনীমহলের শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহত ব্যক্তির মা নাসিমা বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছিলেন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত খুলনা জেলায় ৩৩টি হত্যা মামলা হয়েছে, যার মধ্যে সাতটি হত্যাকাণ্ড ঘটেছে গুলিতে। পুলিশ দাবি করেছে, ৩৩টি হত্যা মামলার মধ্যে ২৫টির রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে।
ঘটনার পর থেকেই পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা দল যৌথভাবে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটনে জোরেশোরে কাজ শুরু করেছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।