
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতার অংশ হিসেবে সৌদি আরবের সাথে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সংঘাতের ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে নতুন করে গভীর শঙ্কার সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী ও লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালীতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলায় আন্তর্জাতিক বাজারে তীব্র জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বৈদেশিক রেমিট্যান্স এবং জনশক্তি রপ্তানি খাতে।
বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হলো জনশক্তি রপ্তানি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২০২৫ সালে বাংলাদেশ থেকে যত শ্রমিক বিদেশে গেছেন, তার দুই-তৃতীয়াংশের গন্তব্য ছিল সৌদি আরব এবং কেবল ওই দেশ থেকেই ৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে জনশক্তি রপ্তানি প্রায় ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে এবং প্রবাসীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকট দীর্ঘায়িত হলে সৌদি আরবের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়বে এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে প্রবাসীদের আয় ও রেমিট্যান্স পাঠানোর ক্ষমতা কমে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফরিদুল আলম এ বিষয়ে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি কেবল আঞ্চলিক স্থিতিশীলতাই নষ্ট করছে না, বরং এটি উন্নয়নশীল দেশগুলোর জীবন ও জীবিকাকে সরাসরি অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
বাংলাদেশের বার্ষিক জ্বালানি আমদানির বড় একটি অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহে এই অঞ্চলের ওপর নির্ভরশীলতা দেশের অর্থনীতিকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। বৈশ্বিক এই অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাগাতার বেড়েই চলেছে, যা দেশের অভ্যন্তরীণ উৎপাদন খাত এবং সামগ্রিক বাণিজ্যে বাড়তি চাপ সৃষ্টি করছে।
পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপের কথা বলা হলেও বিকল্প জ্বালানি উৎস এবং নতুন শ্রমবাজারের অপ্রতুলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নতুন গন্তব্য অন্বেষণ করতে না পারা এবং শ্রমিকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এই সংকটকে আরও ঘনীভূত করেছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির আশু অবসান না ঘটলে তা দেশের কোটি মানুষের জীবনযাত্রায় সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।