
সাইবার হামলার আশঙ্কায় দেশের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার পর থেকে ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না গ্রাহকরা, যার ফলে ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যানুযায়ী, সাইবার সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই এই সতর্কতা মূলক পদক্ষেপ নিয়েছে। বিগত দিনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশ বা সাইবার ঝুঁকির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করলে সেখানে একটি নোটিশ প্রদর্শিত হয়। নোটিশটিতে বলা হয়, আমাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে। এটি শীঘ্রই চালু হবে। এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এরপর একাধিকবার চেষ্টা করেও সাইটটিতে আর প্রবেশ করা সম্ভব হয়নি। একই পরিস্থিতি দেখা গেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রেও।
ওয়েবসাইট বন্ধ থাকার কারণে গ্রাহকরা ডিজিটাল সেবা, তথ্য প্রাপ্তি এবং বিভিন্ন অনলাইন আবেদন থেকে সাময়িকভাবে বঞ্চিত হচ্ছেন। ব্যাংকগুলোর প্রযুক্তি বিভাগ জানিয়েছে, সাইবার নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এই রক্ষণাবেক্ষণ কাজ চলছে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরপরই সেবা পুনরায় চালু করা হবে।
আরও পড়ুন: নিরাপত্তা নিশ্চিতকরণের পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
বর্তমানে ব্যাংক দুটির আইটি টিম সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করে দ্রুত সাইটগুলো স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।