
ঢাকা: ব্যবসায়ীদের হয়রানি বন্ধ ও পরিবেশকদের কমিশন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। নির্ধারিত দুই দিন দোকান বন্ধ থাকার পরও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
এর আগে গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়। যদিও বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ক্রেতাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। পরিবেশকদের দাবি, কমিশন না বাড়ানোয় নির্ধারিত দামে গ্যাস বিক্রি করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোপ্র. সেলিম খান বলেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই দিন সারা দেশে এলপি গ্যাসের দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে। তিনি বলেন,
পরিবেশকদের কমিশন বাড়ানো এবং অযৌক্তিক জরিমানা বন্ধ না হলে দেশের সাধারণ ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়বেন। তাই আমাদের এই কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছি।
সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পরিবেশকদের কমিশন বাড়ানো, কোনো কোম্পানি যাতে ইচ্ছেমতো মাসে একাধিকবার দাম বাড়াতে না পারে এবং দাম বাড়াতে হলে তা শুধুমাত্র বিইআরসির মাধ্যমে করতে হবে। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোম্পানির সিলিন্ডারে গ্যাস ভরার ব্যবস্থা করা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধেরও দাবি জানানো হয়। পরিবেশকেরা প্রতি সিলিন্ডারে কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার জন্য গত ৮ অক্টোবর বিইআরসিতে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন।
এলপিজি ব্যবসায়ীদের এই আকস্মিক ধর্মঘট বা দোকান বন্ধের ঘোষণায় সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। গ্যাস সংকটের এই আশঙ্কা এড়াতে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও ব্যবসায়ীদের মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দাবি আদায়ে আগামী ১৫ ও ১৬ অক্টোবর দেশব্যাপী এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় জ্বালানি বাজারে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।