
নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী স্টিভেন কোলেট আজ সোমবার সাভারে টিম গ্রুপের পোশাক কারখানা ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড পরিদর্শন করেছেন। এ সময় তিনি কারখানাটির পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া এবং শ্রমিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ সরেজমিন ঘুরে দেখেন। মার্কিন গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত এই পরিবেশবান্ধব কারখানা পরিদর্শনের সময় ডাচ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তার সঙ্গে উপস্থিত ছিল।
পরিদর্শনকালে নেদারল্যান্ডসের উপমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের টেকসই উন্নয়নবিষয়ক রাষ্ট্রদূত ওয়াম্পি লিবন, বাংলাদেশে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হুসেইন, সলিডারিডাড নেটওয়ার্ক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, বাংলাদেশে ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার বাবলুর রহমান এবং অ্যাওয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মুইদ হাসান। টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফরোজা শাহীন ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবদুল্লাহ হিল নাকিব প্রতিনিধিদলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান। টিম গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কারখানার উৎপাদন কার্যক্রমের পাশাপাশি প্রতিনিধিদলটি ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা, শ্রমিকদের জন্য পরিচালিত ন্যায্যমূল্যের দোকান এবং শিশু দিবাযত্ন কেন্দ্রসহ বিভিন্ন পরিবেশবান্ধব ও শ্রমিক কল্যাণমূলক উদ্যোগ ঘুরে দেখে। ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড বিশ্বের প্রথম আউটারওয়্যার পোশাক উৎপাদনকারী কারখানা হিসেবে জাতিসংঘের ফ্যাশন ইন্ডাস্ট্রি চার্টার ফর ক্লাইমেট অ্যাকশনে সই করেছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বৈশ্বিক সরবরাহব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে এমন সব কারখানার ওপর, যারা প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করছে। ফোরএ ইয়ার্ন ডায়িং পরিচ্ছন্ন জ্বালানি ও স্বচ্ছতা নিশ্চিত করতে যেভাবে বিনিয়োগ করছে, তা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।
টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা শাহীন জানান, বাংলাদেশের পোশাকশিল্পকে আরও নিরাপদ, শ্রমিকবান্ধব ও পরিবেশসম্মত করে গড়ে তোলার যাত্রায় নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তিত নিয়মকানুন ও জ্বালানিসংকট প্রমাণ করছে যে যেসব কারখানা টেকসই উৎপাদনে বিনিয়োগ করছে, তারাই আগামী দিনে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হবে। ফোরএ ইয়ার্ন ডায়িংয়ের এই অর্জন বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।