
পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকার কর্তৃক তিনটি আলাদা জাতীয় কমিটি গঠনের প্রতিবাদে রাজধানীতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ এই নাগরিক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের গঠিত এই তিনটি কমিটি পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক চেতনার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং তা পাহাড়ি জনগোষ্ঠীর সমস্যা সমাধানের পরিবর্তে সংকট আরও বাড়িয়ে তুলবে।
গত ১০ সেপ্টেম্বর সরকার পার্বত্য চট্টগ্রাম, সম্পর্কিত তিনটি কমিটি যথাক্রমে ‘পার্বত্য চট্টগ্রাম, বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম, বিষয়ক নির্বাহী কমিটি’ ও ‘পার্বত্য চট্টগ্রাম, বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করে। এর মধ্যে প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১৯ সদস্যবিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম, বিষয়ক জাতীয় কমিটি গঠিত হয়। এর পরেই পাহাড়ি ও অধিকারকর্মী মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়, যার ধারাবাহিকতায় এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হলো।
সমাবেশে বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, সরকার পরিবর্তন হলেও পাহাড়ের দীর্ঘমেয়াদি সমস্যার কোনো সমাধান হচ্ছে না। তিনি বলেন,
সরকার নিত্যনতুন কৌশল নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তাই কালবিলম্ব না করে পাহাড়িদের সঙ্গে বসতে হবে এবং তিন-চারটি কমিটি নয়, একটি কার্যকর কমিটির মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।
সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে হয়নি, চুক্তি হয়েছে রাষ্ট্রের সঙ্গে। এ সময় অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা মন্তব্য করেন যে, বর্তমানে গঠিত কমিটিগুলো আমলাতান্ত্রিক ও গোয়েন্দা সংস্থানির্ভর, যা সমস্যা সমাধানের চেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে চুক্তিবিরোধী তিন কমিটি অবিলম্বে বাতিলসহ আট দফা দাবি উত্থাপন করা হয়।
নাগরিক সমাবেশ থেকে পার্বত্য চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি গঠন, অ-পাহাড়ি প্রতিমন্ত্রীকে পার্বত্য চট্টগ্রাম, বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রত্যাহার এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানানো হয়। এছাড়া চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ এবং বিধিমালা প্রণয়ন করে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করার জোরালো দাবিও জানানো হয়।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।