
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধ স্বীকার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। এর ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তুহিন নামের এক তরুণকে আটক করা হয় এবং পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোট চারজনকে আইনের আওতায় আনা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সমাজের নৈতিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন,
কুমিল্লার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং দেশের মানুষ এতে গভীরভাবে মর্মাহত। অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মরদেহ উদ্ধার এবং এর ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা অপরাধ স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তারকৃত আসামিরা বয়সে নিহতের তুলনায় পাঁচ থেকে দশ বছরের বড় এবং তারা মূলত কিশোর অপরাধ চক্রের মতো সক্রিয় ছিল। প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে। রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুততম সময়ে সম্পন্ন হয়েছিল, এই মামলার বিচারও একইভাবে সংক্ষিপ্ত সময়ে শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি, অপরাধ প্রবণতা কমাতে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং স্কুলপর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে মন্ত্রী জানান, ফরেনসিক বিশ্লেষণ ও পোস্টমর্টেম প্রক্রিয়া শেষে নিহতের দাফন সম্পন্ন হয়েছে। অপরাধীদের দ্রুত চার্জশিট দাখিলের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে আদালতকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।