
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় তিন হাজার প্রবাসী ও সাধারণ যাত্রী। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই ফ্লাইট জটিলতায় গতকাল ও আজ রোববার মিলিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এবং সৌদি এয়ারলাইনসের একাধিক ফ্লাইট বাতিল কিংবা স্থগিত করা হয়েছে। আকস্মিক এই পরিবর্তনে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে দিশাহারা হয়ে পড়েছেন যাত্রীরা।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ এবং পরবর্তী নিরাপত্তার কারণে দেশটির কর্তৃপক্ষ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে আন্তর্জাতিক ফ্লাইটগুলো হয় অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো পুরোপুরি বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত থেকেই শত শত প্রবাসী যাত্রী বিমানবন্দরে এসে জানতে পারেন তাঁদের ফ্লাইট বাতিল হয়েছে। অনেকে বিকল্প ফ্লাইটে যাওয়ার চেষ্টা করলেও সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
ফ্লাইট বাতিল হওয়া কুষ্টিয়ার দৌলতপুর থেকে আসা জাহিদুল ইসলাম বলেন, ছুটি শেষে কাজে যোগ দিতে রিয়াদে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকে জানানো হয়েছে ফ্লাইট স্থগিত। এখন বুঝতে পারছি না কী করব। আরেক যাত্রী মো. মাসুদ জানান, গত রাত থেকে বিমানবন্দরে বসে থেকেও তিনি গন্তব্যে রওনা হতে পারেননি। পরিস্থিতি উন্নতি না হলে তাঁকে বাড়ি ফিরে যেতে হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিকেল পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের আটটি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলার একটি, সৌদি এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটের প্রায় ২ হাজার ৯৫১ জন যাত্রী ঢাকা ও রিয়াদে আটকা পড়েছেন। রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা আগামী ১২ অক্টোবর রাত তিনটা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বেবিচক ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর সচল হওয়ার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ঢাকা-রিয়াদ রুটের নির্ধারিত ফ্লাইটগুলোর সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। যাত্রীদের বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।