
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের প্রেক্ষিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সড়কে চলমান অবরোধ কর্মসূচি আগামী দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেক পর্যটক কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গত রোববার সকাল ৬টা থেকে সাজেক কারবারি সমিতি এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বানে এই অবরোধ শুরু হয়েছিল।
সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবাবু ধন চাকমা জানান, আইন প্রয়োগকারী সংস্থার আশ্বাসের পর রোববার বিকেল ৫টার দিকে অবরোধ কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য প্রত্যাহার বা স্থগিত করা হয়। তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তিনটি দাবি পেশ করেছি। এর মধ্যে রয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক এলাকা থেকে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ পিসিজেএসএস-এর সশস্ত্র অপরাধীদের অপসারণ করা, সাধারণ মানুষকে প্রাণনাশের হুমকি না দেওয়া এবং সাধারণ মানুষের বাড়িতে অযথা তল্লাশি না চালানো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কাছে দুই দিন সময় চেয়েছে। আমরা তাদের সোমবার ও মঙ্গলবার এই দুই দিন সময় দিয়েছি। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে পুনরায় কঠোর অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে, জানান বাবাবু ধন চাকমা।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, অবরোধ কর্মসূচি প্রত্যাহারের পর সাজেক সড়কের যান চলাচল এবং সামগ্রিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে জেলা প্রশাসন থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে গত রোববার সন্ধ্যা ৬টা থেকে সাজেক পর্যটক কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।