
দক্ষিণ এশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতের মর্যাদাপূর্ণ আঞ্চলিক স্বীকৃতি হিসেবে 'সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (এসএটিএ) ২০২৬' শীর্ষক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ২২টি হোটেল, রিসোর্ট, পর্যটনপ্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তি। বিলাসবহুল ও ব্যবসায়িক হোটেল, সমুদ্রসৈকত ও ঐতিহ্যবাহী রিসোর্ট, বুটিক হোটেল, পরিবেশবান্ধব পর্যটনপ্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতার মতো বিভিন্ন বিভাগে এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বছরের প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ সমন্বয় করেছে 'ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ (উৎসব)'। আয়োজকদের মতে, এই পুরস্কার দেশের পর্যটনশিল্পের ক্রমবর্ধমান সম্ভাবনা, সেবার মান, উদ্ভাবনী উদ্যোগ এবং পেশাগত দক্ষতারই এক সুনির্দিষ্ট প্রতিফলন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছে ক্রাউন প্লাজা ঢাকা (সেরা প্রচারণা ক্যাম্পেইন), গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (শীর্ষস্থানীয় হোটেল), সায়মন বিচ রিসোর্ট (সেরা সমুদ্রসৈকত হোটেল-রিসোর্ট), দ্য ওয়ে ঢাকা (শীর্ষস্থানীয় বুটিক হোটেল), ফারস হোটেল অ্যান্ড রিসোর্টস (সেরা বাজেট হোটেল) এবং র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা (শীর্ষস্থানীয় ব্যবসায়িক হোটেল)। এ ছাড়া প্ল্যাটিনাম রেসিডেন্স বাই শেলটেক (সিটি হোটেল), হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স (ডিজাইনার হোটেল-রিসোর্ট), এসকেএস ইন রিসোর্ট (পরিবেশবান্ধব হোটেল-রিসোর্ট) এবং হায়াত প্লেস ঢাকা উত্তরা (সেরা নতুন হোটেল-রিসোর্ট) হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই আন্তর্জাতিক অর্জনের বিষয়ে এসএটিএর বাংলাদেশের চেয়ার এইচ এম হাকিম আলী এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের এই অর্জন আমাদের সমগ্র পর্যটন ও আতিথেয়তা শিল্পের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাদের হোটেল-রিসোর্ট, ট্রাভেল এজেন্সি এবং পর্যটন পেশাজীবীদের নিষ্ঠা, পেশাদারত্ব ও উৎকর্ষ অর্জনের অঙ্গীকারের প্রতিফলন। পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আরও নিবিড় সহযোগিতা, সেবার মানোন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ এবং টেকসই পর্যটনের প্রতি সম্মিলিত অঙ্গীকার বাংলাদেশের পর্যটনশিল্পের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করবে।
তালিকায় আরও রয়েছে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, দ্য পেনিনসুলা চট্টগ্রাম, মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট, দ্য ওয়েস্টিন ঢাকা, সায়মন হেরিটেজ, বেওয়াচ হোটেল কক্সবাজার, সায়মন ব্র্যান্ড, বাংলাদেশ ট্যুর গ্রুপ, ট্রাভেল ক্ল্যাসিক, নিশান সেনেভিরত্নে এবং প্ল্যাটিনাম গ্র্যান্ড বাই শেলটেকের আলমগীর হোসাইনি, যিনি সেরা জেনারেল ম্যানেজার পদক অর্জন করেছেন।
আরও পড়ুন: জুলিয়যোদ্ধাদের তালিকা নতুন করে যাচাই, প্রকৃতদের অন্তর্ভুক্তির সুযোগ
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।