
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারিত্ব প্রসারের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই সরকারি সফরে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।
গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রধানমন্ত্রীর এই জাপান সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, ঢাকা ও টোকিও থেকে আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা দেওয়া হয়েছে। সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠক শেষে জাপানি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে।
পররাষ্ট্র সচিব বলেন, কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, অভ্যন্তরীণ বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা চুক্তির খসড়া নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই সফরের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
সফরকালে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়ন, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং মানবসম্পদ প্রশিক্ষণের বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে। প্রধানমন্ত্রী সফরকালে 'জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম'-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
জাপান দীর্ঘদিন ধরে মেট্রোরেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এবং মাতারবাড়ির মতো বৃহৎ অবকাঠামো প্রকল্পে সহায়তা করে আসছে। বর্তমান সফরে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা নিয়েও দুই নেতা আলোচনা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।