
গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা চালিয়েছেন পোশাক শ্রমিকেরা। রোববার দুপুর ১২ টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় মন্ডল গ্রুপ কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এদিন সকাল থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন পয়েন্টে সহিংসতা ও অবরোধের ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কের কালিয়াকৈর ফায়ার সার্ভিস এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকajুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। উত্তরবঙ্গ ও ঢাকামুখী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন এবং অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন।
শিল্প পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জানমালের নিরাপত্তায় চন্দ্রা ও সফিপুর এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে এবং শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
হাইওয়ে ও জেলা ট্রাফিক পুলিশ জানিয়েছে, মহাসড়ক সচল করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে চন্দ্রা ত্রিমোড় ও সফিপুর এলাকায় শ্রমিকদের অবস্থান অব্যাহত থাকায় যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।