সংক্ষেপে মূল তথ্য
- লিওনেল মেসির অ্যাসিস্টে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে মেজর লিগ সকারের প্লে অফ নিশ্চিত করল ইন্টার মায়ামি।
- যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে ঘরের মাঠে এই জয় তুলে নেয় মায়ামি।
লিওনেল মেসির অ্যাসিস্টে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে মেজর লিগ সকারের প্লে অফ নিশ্চিত করল ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে ঘরের মাঠে এই জয় তুলে নেয় মায়ামি।
ম্যাচের ২০ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন জার্মান বের্তেরামে। মেসির কাছ থেকে বল পেয়ে রদ্রিগো দে পল তা বাড়িয়ে দেন সুয়ারেজের দিকে। সুয়ারেজের ক্রস থেকে সহজ সুযোগে গোল করেন বের্তেরামে। মে মাসের পর এটাই তার প্রথম লিগ গোল।
প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন দে পল। এবার গোলের জোগান দেন মেসি নিজে। তিনজন ডিফেন্ডারকে টেনে নিয়ে বাঁ পায়ের বাইরের দিক দিয়ে দে পলকে বল বাড়িয়ে দেন তিনি। জোরালো শটে গোল করেন দে পল।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েছিল নিউইয়র্ক সিটি। কিন্তু ডেইন সেন্ট ক্লেয়ারের দুর্দান্ত সেভে সেই সুযোগ নষ্ট হয়। এ নিয়ে টানা দুই ম্যাচে ক্লিন শিট রাখল মায়ামি।
এই জয়ে টানা তৃতীয় মৌসুমে প্লে অফে উঠল ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান ধরে রেখেছে দলটি। নতুন কোচ ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেজের অধীনে টানা দ্বিতীয় জয় এটি।