
বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণের জন্য ১০ জন প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারকে বেছে নিয়েছেন। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের 'মেসি প্লাস টেন' প্রচারণার তৃতীয় মৌসুমে এই ১০ উদীয়মান তারকার নাম প্রকাশ করা হয়। যাঁদের পায়ে আগামী দিনের ফুটবল নতুন গল্প লিখতে পারে বলে মনে করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
রোববার অ্যাডিডাস ফুটবল তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এই ১০ তরুণ প্রতিভার নাম ঘোষণা করে। এই প্রচারণায় সাতজন ছেলে ও তিনজন মেয়ে ফুটবলার স্থান পেয়েছেন, যা বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
এগিয়ে নেওয়ার মতো এক উত্তরাধিকার। এখান থেকেই শুরু পরবর্তী অধ্যায়। পরিচিত হোন মেসি প্লাস টেন-এর তৃতীয় মৌসুমের উদীয়মান তারকাদের সঙ্গে।
মেসির বেছে নেওয়া এই তালিকায় সবচেয়ে পরিচিত নামগুলোর মধ্যে রয়েছে আর্সেনালের ১৬ বছর বয়সী ইংলিশ বিস্ময়বালক ম্যাক্স ডাউম্যান। এছাড়া মেক্সিকোর তিহুয়ানার তরুণ গিলবার্তো মোরাকে নিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের খবর শোনা যাচ্ছে। আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের তরুণ প্লেমেকার তোমাস আরান্দাও স্থান পেয়েছেন এই তালিকায়, যাঁকে নিয়ে দেশটির ফুটবল মহলে রয়েছে বড় স্বপ্ন।
তালিকায় আরও আছেন তুরস্কের জান উজুন, স্পেনের হেসুস রদ্রিগেজ, নেদারল্যান্ডসের কেস স্মিত এবং যুক্তরাষ্ট্রের জেভিয়ার গুজো। অন্যদিকে মেয়েদের ফুটবলে ইংল্যান্ডের ক্লোয়ি সারয়, ব্রাজিলের জিওভান্না ওয়াকসমান এবং জার্মানির লোটা ফ্রিড এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন।
এর আগে এই প্রচারণার প্রথম ও দ্বিতীয় মৌসুমে বার্সেলোনার লামিনে ইয়ামাল এবং নিকো পাজের মতো তরুণরা স্থান পেয়েছিলেন। তবে মেসির এই তালিকায় জায়গা পাওয়া মানেই ভবিষ্যতের মহাতারকা হয়ে যাওয়া নয়, তা সময়ের সাথে সাথেই প্রমাণিত হবে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।