
কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যৌথভাবে একটি স্বাধীন সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় তিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রস্তাবিত এই সংস্থাটি চলতি বছরের শেষ নাগাদ অথবা ২০২৭ সালের শুরুর দিকে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারে। সরকারের নিয়ন্ত্রণের বাইরে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এই নতুন উদ্যোগটি।
প্রস্তাবিত এই যৌথ উদ্যোগটির সাময়িক নাম রাখা হয়েছে ‘স্ট্যান্ডার্ডস অথরিটি ফর ফ্রন্টিয়ার এআই’ বা ‘সাফা’। এআই প্রযুক্তি নিয়ে গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক অতীতে যেসব নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলোকে একটি সুনির্দিষ্ট এবং পরীক্ষাযোগ্য মানদণ্ডে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে এই সংস্থার। পাশাপাশি, বাণিজ্যিকভাবে উন্মুক্ত করার আগে যেকোনো উন্নত এআই মডেলের নিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রে ডেভেলপারদের সহায়তা করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকি রোধে একটি শক্তিশালী ও সর্বজনীন নিরাপত্তা কাঠামো দাঁড় করানোই এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রস্তাবিত ‘সাফা’ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস এআই নীতি উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণনের সঙ্গে যোগাযোগ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এছাড়া যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসির সাবেক পরিচালক আরতি প্রভাকরের নামও সিইও পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান ‘সেন্টার ফর এআই স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইনোভেশন’ সংস্থার উন্নত এআই মডেল পরীক্ষা করার পর্যাপ্ত প্রযুক্তিগত সক্ষমতা ও অর্থায়ন না থাকায় এই স্বাধীন উদ্যোগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এর আগে গত জুলাইয়ে গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এআই মান নির্ধারণকারী সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে, চলতি মাসেই অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই এক নিবন্ধে ফ্রন্টিয়ার মডেল তৈরির গতি কিছুটা ধীর করার আহ্বান জানান, যাতে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে যথেষ্ট সময় পাওয়া যায়। বাজারের তীব্র প্রতিযোগিতার মধ্যেও তাই নিরাপত্তা ও সাইবার ঝুঁকি মোকাবিলায় এক প্ল্যাটফর্মে আসছে প্রযুক্তি খাতের এই শীর্ষ প্রতিষ্ঠানগুলো।
আরও পড়ুন: কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।