
আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল শুরু করবে। রেলওয়ে কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে, যা পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজতর করবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে পর্যটননগরী কক্সবাজারের সঙ্গে রেলযোগাযোগ সম্প্রসারণের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মহানগর এক্সপ্রেসের রুট পরিবর্তন ও বর্ধিত করে চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বর্ধিত রুটে ট্রেন চালুর মাধ্যমে পর্যটকরা খুব সহজেই রাজধানী থেকে সরাসরি কক্সবাজার যাতায়াত করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি ভ্রমণ আরও আরামদায়ক হবে।
নতুন এই রুট চালুর উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। রেলওয়ের পক্ষ থেকে ইতোমধ্যে গণমাধ্যমের উপযুক্ত প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং সংবাদ সংগ্রহ ও প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় এটি একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের একটি দাবির বাস্তবায়ন ঘটল।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।