
ঢাকা: দেশে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে ৩০৩ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে সারা দেশে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় এক লাখের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং রেকর্ড সংখ্যক ২ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৯ হাজার ২৭৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন, যার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৪০৩ জনে।
অক্টোবর মাসের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৮ জন। এর আগে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর রেকর্ড রয়েছে। চিকিৎসকরা বলছেন, বর্ষার স্থায়িত্ব ও এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গুর বিস্তার ভিন্ন ভিন্ন মাত্রায় দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ১ হাজার ৩০ জন। এছাড়া চট্টগ্রামে ২৯৩ জন, খুলনায় ৩০৪ জন, বরিশালে ২৩৬ জন, রাজশাহীতে ১৬০ জন, ময়মনসিংহে ৭০ জন এবং রংপুরে ৮৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ছাড়াও বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়ার কারণে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর চাপ ক্রমাগত বাড়ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এডিস মশার বংশবিস্তার রোধে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকারগুলোর সমন্বিত ও জোরালো পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি সাধারণ মানুষকে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সচেতনতা এবং মশার উৎস ধ্বংস করার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।