সংক্ষেপে মূল তথ্য
- নতুন বিধিমালা চূড়ান্ত না হওয়ায় দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কাজ স্থগিত করা হয়েছে।
দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কাজ আপাতত বন্ধ থাকবে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত কোনো প্রতিষ্ঠানেই এই কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে না।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। নতুন এই বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিটি গঠনের সব কার্যক্রম স্থগিত থাকবে।
এই নির্দেশনা বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান এবং সমমানের প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।
বিজ্ঞপ্তির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছেও অনুলিপি গেছে।
নতুন বিধিমালা চূড়ান্ত হলে পরবর্তী নির্দেশনার মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া আবার শুরুর বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।