
পবিত্র মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি সৃষ্টি হলে বাংলাদেশ কখনোই হাত গুটিয়ে বসে থাকবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার রাজধানীর বিস মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস, বিস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে এই মন্তব্য করেন তিনি।
মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনীতি এবং সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংঘাতের প্রেক্ষাপটে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সম্প্রতি সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ধারাবাহিক হামলায় প্রাণহানির ঘটনা ঘটে। এর পরই মূলত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং বাংলাদেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান এবং সৈন্য পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মক্কা প্যাক্টে এখনো যোগ দিইনি। হ্যাঁ, আপনি তখনই বলতে পারেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যখন এটি আনুষ্ঠানিকভাবে হবে। তবে সেখানে সৈন্য পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না।’ তিনি আরও জানান, সৌদি আরবের বর্তমান পরিস্থিতির নিন্দা জানিয়ে দেশটির সরকার ও জনগণের প্রতি পূর্ণ একাত্মতা ঘোষণা করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি ক্রাউন প্রিন্সকে চিঠিও পাঠানো হয়েছে।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জোর দিয়ে বলেন যে মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়টি কেবল সাধারণ কোনো কূটনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে বিশ্ব মুসলিমের গভীর আবেগ জড়িত। তিনি উল্লেখ করেন, ‘মক্কা-মদিনার ব্যাপারে শুধু আমাদের একটা ডিপ্লোমেসি না, আমাদের একটা আবেগও তার ওপরে কাজ করে। সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা মক্কা-মদিনার যদি এ রকম কোনো থ্রেট আসে, সেটি যারা আমরা সংখ্যায়রিষ্ঠ মুসলমান আছি, আমরা তো বসে থাকব না। অবশ্যই তাদের সাহায্যের জন্য হাত আমরা বাড়িয়ে দেব।’
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় এর আগে হতাহতের ঘটনা ঘটেছে। এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের নীতিগত অবস্থান স্পষ্ট করে সরকার জানিয়েছে যে মুসলিম উম্মাহর পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় বাংলাদেশ সবসময় বন্ধুপ্রতিম দেশের পাশে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধান চায়।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।