
জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্ন করতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা দাঁড়ালে সরকারি দলের কতিপয় এমপির টিপ্পনী ও হইচইয়ের ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এই অনভিপ্রেত ঘটনা ঘটে, যা নিয়ে পরবর্তীতে সংসদজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মাগরিবের বিরতির আগের পর্বে ডেপুটি স্পিকার কায়সার কামালের পরিচালনায় প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আমির হামজা ৫৪৩ নম্বর তারকাচিহ্নিত প্রশ্নটি উত্থাপন করার জন্য আসন থেকে দাঁড়ালে সরকারি দলের কিছু সদস্য হইচই শুরু করেন। পরে পরিবেশ শান্ত হলে তিনি খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার কাছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি বিষয়ে প্রশ্ন করেন এবং সম্পূরক প্রশ্নও উত্থাপন করেন।
মাগরিবের বিরতির পর সংসদের সভাপতিত্বে আসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ওয়ায়েজিন হিসেবে পরিচিত এমপি আমির হামজার নাম উল্লেখ করে যেভাবে কটূক্তি ও টিপ্পনী কাটা হয়েছে, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ও মর্যাদার পরিপন্থী। তিনি স্পিকারকে হাউসের অভিভাবক হিসেবে এ বিষয়ে সুনির্দিষ্ট রুলিং দেওয়ার অনুরোধ জানান। ১৫ বছরের দীর্ঘ লড়াইয়ের পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের কার্যক্রম দেশের মানুষ অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।
বিগত দিনে সংসদ সদস্যদের ওপর নানা নির্যাতন ও অগণতান্ত্রিক আচরণ চালানো হয়েছে। দীর্ঘ সেই অন্ধকার সময় পেছনে ফেলে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও আস্থাশীল সংসদ গড়ে তুলতে হবে। এ জন্য ট্রেজারি বেঞ্চ, বিরোধী দল এবং স্বতন্ত্র সব পক্ষের সংসদ সদস্যকেই সমানভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে। - স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সদস্যদের বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্যদের আচার-আচরণ ও কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই জনগণের সামনে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি তৈরি হবে। অতীতের ক্লেদাক্ত রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাক্স্বাধীনতার পূর্ণ অধিকার সবার থাকলেও এমন কোনো আচরণ বা শব্দ ব্যবহার করা উচিত নয় যা অন্য কোনো সদস্যের মানসম্মান ক্ষুণ্ন করে। কোনো সদস্য আপত্তিকর শব্দ ব্যবহার করলে তা যেমন কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে, তেমনি প্রয়োজনে অন্য সদস্যদেরও জবাব দেওয়ার পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংসদের পবিত্রতা রক্ষা এবং গণতান্ত্রিক সংস্কৃতি সুদৃঢ় করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সংসদীয় গণতন্ত্রকে কার্যকর ও জনমুখী রাখতে জনপ্রতিনিধিদের পারস্পরিক সহনশীলতা ও শিষ্টাচার বজায় রাখা অত্যন্ত জরুরি। স্পিকারের এই কঠোর বার্তার পর আগামী দিনে সংসদীয় কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।