
গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ও সহিংসতার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে মিছিল ও বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে আসছে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতা-কর্মীরা। গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন, যেখানে ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়। বর্তমান পরিস্থিতিতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে এবং একাধিক স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান,
রোববার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করে দুর্বৃত্তরা দায়িত্ব পালনকালে এসআই মোসলেম আলীর ওপর হামলা চালায়। এছাড়া উপজেলা যুবদলের কার্যালয় এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
জেলার সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পদে তাৎক্ষণিক রদবদল করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করে তার স্থልে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে মোট ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যাদের মধ্যে প্রায় ১৫০ জন সদস্য অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছেন। যশোর এরিয়ার বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানিয়েছেন যে, সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।