
ঢাকা: দূরদেশে একা বসে কেউ শুনছেন 'এই দূর পরবাসে', কারও প্রেমের সঙ্গী 'অনন্যা', আবার জীবনের কঠিন সময়ে সাহস জোগাচ্ছে 'যদি লক্ষ্য থাকে অটুট'। অনুভূতি আলাদা হলেও এই গানগুলোর কথা লিখেছেন একজনই, আর তিনি হলেন দেশের জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল। আজ ১২ অক্টোবর তাঁর জন্মদিন। চার দশকের বেশি সময় ধরে তাঁর লেখা গান শ্রোতাদের প্রেম, বিরহ, আনন্দ ও ঘুরে দাঁড়ানোর গল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গান লেখার পাশাপাশি করপোরেট পেশা, উদ্যোক্তা এবং সংগঠক হিসেবেও তাঁর রয়েছে বর্ণাঢ্য এক ক্যারিয়ার।
চট্টগ্রামে শুরু হওয়া আসিফ ইকবালের সংগীতযাত্রায় ১৯৮৪ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় তাঁর লেখা প্রথম গান 'অনেক তো বলেছি'। এরপর অডিও ক্যাসেট ও ব্যান্ডের যুগে আইয়ুব বাচ্চু, জেমস, আর্ট ও রেনেসাঁসহ দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীদের জন্য অসংখ্য জনপ্রিয় গান উপহার দেন তিনি। জেমসের প্রথম একক অ্যালবাম 'অনন্যা'র সব গান তাঁর লেখা। এ ছাড়া 'ও প্রিয়তমা' ও 'রাজকুমার' এর মতো চলচ্চিত্রের গানেও তিনি সাম্প্রতিক সময়ে নতুন মাত্রা যোগ করেছেন। পাঁচ শতাধিক গানের স্রষ্টা এই গীতিকার কেবল অডিও জগতেই নয়, বরং বাংলা ব্যান্ডসংগীত ও চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।
গানের পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী আসিফ ইকবাল কলেজিয়েট স্কুলে পড়ার সময় প্রথম বিভাগ ক্রিকেটে নিয়মিত ছিলেন। এছাড়া তরুণ বয়সে ভালো বিতার্কিক হিসেবেও তাঁর সুনাম ছিল। করপোরেট দুনিয়ায় আমেরিকান এক্সপ্রেস, ইউনিলিভার, রবি ও এসিআইয়ের মতো শীর্ষ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে 'অ্যাচিভ কনসাল্টিং' প্রতিষ্ঠার মাধ্যমে তিনি করপোরেট প্রশিক্ষণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে খণ্ডকালীন শিক্ষকতা করছেন।
শিল্পীদের রয়্যালটি ও আর্থিক অধিকার নিশ্চিত করতে ২০০৫ সালে নকীব খান ও কুমার বিশ্বজিতের সঙ্গে মিলে 'গানচিল' প্রতিষ্ঠা করেন আসিফ ইকবাল। চলতি বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির দুই দশক পূর্তি উদযাপিত হয়। বর্তমানে তিনি গীতিকবি সংঘ বাংলাদেশের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। বাংলা গীতিকবিতার ঐতিহ্য সংরক্ষণ ও গীতিকবিদের স্বার্থ রক্ষায় তাঁর এই সাংগঠনিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংস্কৃতি, নেতৃত্ব ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য আসিফ ইকবাল দেশ ও বিদেশে বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি 'কনটেন্ট ক্রিয়েটরস অ্যাওয়ার্ড ২০২৫' অনুষ্ঠানে তাঁকে 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' প্রদান করা হয়। চার দশকের পথচলা পেরিয়েও তাঁর কলমে নিয়মিত আসছে নতুন গান, যা আগামী দিনেও বাংলা সংগীতের ভান্ডারকে সমৃদ্ধ করে চলবে। জন্মদিনে এই গুণী শিল্পীর প্রতি রইল শুভেচ্ছা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।