
প্রদানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সাবেক সরকারপ্রধান ও আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে তার জন্য অতিরিক্ত নিরাপত্তার এই ব্যবস্থা করা হয়েছে। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এই তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার শিকার হতে হয়। একদল ব্যক্তি তাকে হেনস্তা করলে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক ও ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন এবং কনস্যুলেটের কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর কড়া নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ব্যক্তিত্ব ড. ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তির নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় তাৎক্ষণিকভাবে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। এ ধরনের অনভিপ্রেত ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনকে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস মার্কিন পররাষ্ট্র দপ্তরকে পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। পাশাপাশি নিউইয়র্ক সিটি পুলিশ এবং বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটির কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ কনস্যুলেট।
বর্তমানে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ মিশন। ড. ইউনূসের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মার্কিন নিরাপত্তা প্রটোকল আরও জোরদার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রবাসে বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়েও যোগাযোগ অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।