
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ও বেসরকারি চাকুরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে ছুটির এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। নতুন এই ছুটির ফলে সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীরা পূজার সময়ে দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
সরকারি ছুটির পূর্বঘোষিত তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি নির্ধারিত ছিল। এছাড়া পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের টানা ছুটি নিশ্চিত হয়েছে। তবে এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে তার আগের শনিবার অর্থাৎ ১৭ অক্টোবর বিশেষ ব্যবস্থায় অফিস খোলা রাখা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই ছুটি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।
তবে সাধারণ এই ছুটির আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবাগুলো। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন, ইন্টারনেট এবং ডাকসেবা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। পাশাপাশি হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, ওষুধ ও চিকিৎসাসামগ্রী বহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন। ব্যাংককিং কার্যক্রম ও আদালতের ছুটির বিষয়ে যথাক্রমে বাংলাদেশ ব্যাংক এবং সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। খুব শীঘ্রই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে।
উল্লেখ্য, মন্ত্রিসভার এই বৈঠকে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি বহাল রাখার সিদ্ধান্তও গৃহিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে এখন থেকে ৭ নভেম্বর ক শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালিত হবে। দুর্গাপূজার এই নতুন ছুটির ফলে সাধারণ মানুষের যাতায়াত এবং উৎসব উদযাপনে বাড়তি সুবিধা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: আইনের দ্বিচারিতা ও সামাজিক অস্থিরতা: থামবে কি অনিয়মের সংস্কৃতি
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।