
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিকেল ৩টার দিকে প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।
ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, ২০০৩ ও ২০০৪ সালে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগ তাদের পুনর্বহালের নির্দেশ দেন। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায় থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধে গড়িমসি করছে। অন্যদিকে, ক্যাম্পাসে সংস্কারের নামে অপ্রয়োজনীয় প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয়ের অভিযোগ তুলেছেন তারা।
পরিস্থিতি নিয়ে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দেবো। কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করিনি, এখনও করবো না। ৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।
আন্দোলনকারীদের দাবি আদায়ের কর্মসূচির বিপরীতে বিশ্ববিদ্যালয়ের অন্য একটি পক্ষ পাল্টা কর্মসূচি পালন করায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে তাদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কোনো কার্যকর উদ্যোগ না থাকায় তারা কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছেন বলে জানান।
বর্তমানে ভিসি নিজ কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সবার। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত অচলাবস্থা কাটানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।