
গাজীপুর: ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে যাওয়া ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে দুইদিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত রবিবার নাওজোড় এলাকায় শৌচাগারে যাওয়ার বাহানায় প্রিজনভ্যান থেকে নেমে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। এই ঘটনায় কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি এলাকার একজন শীর্ষ মাদক কারবারি। সম্প্রতি তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে বিমানবন্দর এলাকা থেকে তাদেরও হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র সংক্রান্ত প্রায় ২৫টি মামলা রয়েছে। আদালতের হাজিরা শেষে তাকে পুনরায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ফিরিয়ে নেওয়ার সময়ই এই পলায়নের ঘটনা ঘটে।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, পালিয়ে যাওয়ার ঘটনায় পিচ্চি রাজাকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ মজুমদার বাদী হয়ে মামলাটি করেন।
কোনাবাড়ি থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আসামিকে প্রিজনভ্যানে স্থানান্তরের দায়িত্বে থাকা অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং পলায়নের নেপথ্যে অন্য কোনো সহযোগিতা ছিল কি না, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, আদালতের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রিজনভ্যানে করে বন্দিদের কারাগারে ফিরিয়ে আনার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে নেওয়া হচ্ছিল। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যৌথভাবে পিচ্চি রাজাকে পুনরায় গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।