
দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার ১৯ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে তিতাস-২৮ কূপটির উদ্বোধন করেন। এরপর বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনায় এই কূপটি থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়, যা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিতে একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, তিতাস-২৮ কূপটির খননকাজ শুরু হয়েছিল গত বছরের ১৫ ডিসেম্বর এবং শেষ হয় চলতি বছরের ১৯ জুন। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কূপটি খনন প্রকল্পে সমন্বিত ড্রিলিং ঠিকাদার হিসেবে কাজ করেছে চীনা প্রতিষ্ঠান সিসিডিসি। আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনের অংশ হিসেবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এলএনজির চড়া দামের কারণে দেশীয় উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে দেশের জ্বালানি খাতকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে মোট ১৫০টি নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে বর্তমানে ২৭টি কূপের খননকাজ চলমান রয়েছে। প্রতিমন্ত্রী বলেন,
আমরা যে দামে আগে এলএনজি কিনতাম, এখন তার দুই থেকে তিন গুণ দাম দিতে হচ্ছে। এই ব্যয় বহন করার সক্ষমতা আমাদের নেই। তাই দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।তিতাস গ্যাসক্ষেত্রে আরও তিনটি কূপ খননের পরিকল্পনা রয়েছে, যা সফল হলে জাতীয় গ্রিডে দৈনিক আরও ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক জানান, দেশীয় কোম্পানিগুলোকে দীর্ঘ দেড় দশক অবহেলার পর বর্তমান সরকার আবার পুনরুজ্জীবিত করেছে। বাপেক্সকে শক্তিশালী করতে নতুন ড্রিলিং রিগ কেনার প্রক্রিয়াও চলছে। বর্তমানে তিতাস-৩১ কূপের খননকাজ চলমান রয়েছে, যা দেশের অন্যতম গভীর কূপ খনন প্রকল্প। দেশীয় গ্যাস খাতের এই সক্ষমতা বৃদ্ধি দীর্ঘমেয়াদে দেশের শিল্প ও গৃহস্থালিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।