
ফান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দুই শতকেরও বেশি সময় ধরে রহস্যে ঘেরা একটি গোপন চিঠির কোড ভেদ করে প্রকৃত অর্থ উদ্ধার করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ওপেনএআইয়ের তৈরি জিপিটি আস্ট্রা এআই মডেল ব্যবহার করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্টিনেলওয়ানের প্রকৌশলী কার্টার চার্চ দীর্ঘ ২১৭ বছর পর এই ঐতিহাসিক রহস্য উন্মোচন করেছেন। ১৮০৯ সালের ১৬ মার্চ প্যারিস থেকে এই চিঠি পাঠানো হয়েছিল।
ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৮০৯ সালের ১৬ মার্চ নেপোলিয়ন প্যারিস থেকে তাঁর সৎপুত্র ও ইতালির ভাইসরয় ইউজিনের কাছে এই চিঠি পাঠিয়ে জেনারেল অগাস্ট ডি মারমন্টকে দেওয়ার নির্দেশ দেন। সে সময় মারমন্ট আদ্রিয়াটিক সাগরের অপর তীরে ডালমাছিয়ায় বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করছিলেন। চিঠির প্রথম লাইনটি ফরাসি ভাষায় লেখা হলেও পরের ২৪ লাইনে ছিল দুই অঙ্কের সংখ্যা, এলোমেলো অক্ষর ও বিভিন্ন প্রতীক, যার ফলে এতদিন এর অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রকৌশলী কার্টার চার্চের তথ্যমতে, জিপিটি আস্ট্রা এআই মডেল মাত্র ছয় ঘণ্টায় মাল্টি-মডেল ওয়ার্কফ্লোর মাধ্যমে পুরো চিঠির তথ্য উদ্ধার করতে সক্ষম হয়। চিঠিতে ফ্রান্স ও মিত্রবাহিনীর সৈন্যসংখ্যার অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল। এছাড়া মারমন্টকে তাঁর বিচ্ছিন্ন অবস্থান নিয়ে আতঙ্কিত না হওয়ার নির্দেশ এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে চতুর্মুখী আক্রমণ পরিচালনার কৌশলও সেখানে উল্লেখ ছিল।
সাইবার ক্রিপ्टোগ্রাফাররা দীর্ঘ সময় ও পরিশ্রম দিয়েও এই জটিল কোড ভাঙতে পারেননি। তবে আধুনিক এআই প্রযুক্তির কল্যাণে তা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সম্ভব হয়েছে। এই সাফল্যের মাধ্যমে প্রমাণিত হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গবেষকেরা মানব ইতিহাসের বহু অমীমাংসিত ও প্রাচীন রহস্য খুব সহজেই উন্মোচন করতে পারবেন।
ঐতিহাসিক এই আবিষ্কারের ফলে নেপোলিয়নের সামরিক কৌশল ও সেসময়ের ইউরোপীয় রণক্ষেত্রের গোপন তথ্য নতুন করে মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে প্রাচীন ও জটিল নথিপত্র বিশ্লেষণে এআই প্রযুক্তির ব্যবহার আরও বাড়াবে বলে আশা করছেন গবেষকরা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।