
মুসাফির ক্যাফে খ্যাত জনপ্রিয় অভিনেত্রী বেদিকা পিন্টো সম্প্রতি তার সাধারণ ভ্যাকেশন স্টাইল থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সাহসী একটি ফ্যাশন লুকে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন। সম্প্রতি মাদ্রিদে ছুটি কাটানোর সময় তার সাবলীল ও আরামদায়ক পোশাকের দেখা মিললেও, সাম্প্রতিক এক ফটোশুটে তিনি বেছে নিয়েছেন পোলাইট সোসাইটির একটি ব্রাউন এনসেম্বল। করসেট-অনুপ্রাণিত স্ট্রাকচার্ড ক্যামিসোল এবং ফ্লোয়িং স্কার্টের বৈপরীত্য তার পুরো লুকে এনে দিয়েছে এক আধুনিক ও পরিশীলিত আবহ।
মাদ্রিদ ভ্রমণের সময় ফুটবল ম্যাচ দেখা, শাকিরার কনসার্ট উপভোগ কিংবা শহর ঘুরে বেড়ানোর সময়ে বেদিকাকে সাধারণত ব্যারেল-লেগ জিন্স, স্ট্রাইপড টি-শার্ট বা কটন ট্রাউজার্সের মতো ক্যাজুয়াল পোশাকেই দেখা গেছে। তবে সাম্প্রতিক এই লুকটিতে তার সেই চেনা ছক ভাঙা রূপ স্পষ্ট হয়ে উঠেছে। আর্থি টোন বা বাদামী রঙের এই পোশাকে যেমন ভিনটেজ ছোঁয়া রয়েছে, তেমনি করসেটের গঠন পুরো সাজে ফুটিয়ে তুলেছে আত্মবিশ্বাসী এক নারীর রূপ।
পোশাকের সঙ্গে মানানসই একটি স্টেটমেন্ট নেকপিস এবং টুসেলড ওয়েভস হেয়ারস্টাইল পুরো সাজে একটি সিনেমাটিক আবহ তৈরি করেছে। মেকআপের ক্ষেত্রেও কোনো বাড়াবাড়ি না করে সফটলি ডিফাইন্ড চোখ ও নিউট্রাল টোনের মাধ্যমে নিজের স্বাভাবিক সৌন্দর্য বজায় রেখেছেন এই অভিনেত্রী। স্টাইল বিশেষজ্ঞদের মতে, গ্ল্যামার এবং সাবলীলতার এই নিখুঁত ভারসাম্য বেদিকার ফ্যাশন স্টেটমেন্টকে আরও উঁচুতে নিয়ে গেছে।
স্বচ্ছন্দ ক্যাজুয়াল পোশাক থেকে করসেট, ফ্লোয়িং স্কার্ট আর স্টেটমেন্ট জুয়েলারির এই রূপান্তর প্রমাণ করে, নিজের স্টাইল নিয়ে নতুন কিছু পরীক্ষা করতে পিছপা হন না এই অভিনেত্রী।
ব্যক্তিগত ফ্যাশনের পাশাপাশি পেশাগত জীবনেও এখন ব্যস্ত সময় পার করছেন বেদিকা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার জনপ্রিয় প্রজেক্ট মুসাফির কাফে সিজন ২। এছাড়া খুব শীঘ্রই তাকে ধর্মা প্রোডাকশনের ব্যানারে নতুন একটি সিনেমাতেও দেখা যাবে। ভিন্নধর্মী চরিত্র এবং নিত্যনতুন ফ্যাশন লুকের মাধ্যমে তিনি যে দর্শকদের মাঝে নিয়মিত আলোচনা ধরে রাখবেন, তা বলাই বাহুল্য।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।