
শিক্ষাজীবনে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশিপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করা, পেশাগত দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন। তবে অনেক সময় ইন্টার্নশিপে কোনো পারিশ্রমিক বা বেতন না থাকায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়, যা তাঁদের জন্য আর্থিক চাপ তৈরি করে।
বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে অনেক শিক্ষার্থী কেবল শ্রেণিকক্ষের পঠনপাঠনকে যথেষ্ট মনে করলেও বাস্তব কর্মক্ষেত্রের প্রশিক্ষণ ছাড়া পেশাগত উৎকর্ষ অর্জন কঠিন। মার্কিন সাইকোলজির শিক্ষক অ্যাশলি মায়ার বলেন, ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে শেখা তত্ত্ব বাস্তবে প্রয়োগ করতে পারেন এবং নতুন অনেক কিছু শেখার সুযোগ পান। এর ফলে জীবনবৃত্তান্ত সমৃদ্ধ হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ পেশা নির্বাচন করা সহজ হয়।
তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে।
প পড়াশোনার পাশাপাশি যাঁদের নিজের বা পরিবারের খরচ চালাতে হয়, তাঁদের জন্য বিনা পারিশ্রমিকে ইন্টার্নশিপ করা বেশ কঠিন। তবে কিছু প্রতিষ্ঠানে এখন ইন্টার্নদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী। কর্মজীবনের শুরুতে নিয়োগদাতারা সাধারণত পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী খোঁজেন, যা সদ্য পড়াশোনা শেষ করা তরুণদের জন্য একটি বড় বাধা। এই বাধা অতিক্রম করতে কার্যকর ইন্টার্নশিপ দারুণ ভূমিকা রাখে।
ইন্টার্নশিপ কেবল কাজ শেখার জায়গা নয়, এটি পেশাগত নেটওয়ার্ক বা যোগাযোগ তৈরিরও একটি সুবর্ণ সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞ ব্যক্তিদের সান্নিধ্যে আসার সুযোগ পান। তবে এটি যেন নিয়মিত কর্মীর বিকল্প হিসেবে বিনা পারিশ্রমিকে শ্রম শোষণ না হয়, সেদিকেও নজর রাখা জরুরি। শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে লিখিত প্রশিক্ষণ চুক্তির মাধ্যমে শেখার সুযোগ ও কাজের পরিধি নির্ধারণ করা উচিত।
পরিশেষে, ইন্টার্নশিপকে কেবল শিক্ষাজীবনের একটি বাধ্যতামূলক আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে দক্ষতা অর্জনের মোক্ষম সুযোগ হিসেবে দেখা উচিত। এটি একদিকে যেমন একাডেমিক ক্রেডিট অর্জনে সহায়তা করে, অন্যদিকে বাস্তব কর্মপরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আত্মবিশ্বাস জোগায়। তাই আর্থিক সুবিধা না থাকলেও সঠিক অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশিপের গুরুত্ব অপরিসীম।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।