
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও গবেষণার আগ্রহ বাড়াতে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মতবিনিময় সভা। গত ১৪ অক্টোবর, বুধবার বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের আয়োজনে 'মিট বাংলাদেশি সায়েন্টিস্ট' শিরোনামের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দেশের বিশিষ্ট বিজ্ঞানীদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের অনুসন্ধিৎসা বাড়িয়ে গবেষণার প্রতি উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেসের বিশিষ্ট অধ্যাপক জেবা ইসলাম সেরাজ। তিনি শিক্ষার্থীদের সামনে নিজের বিজ্ঞানী হয়ে ওঠার পেছনের গল্প এবং গবেষণার নানামুখী দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর দেন এই বিজ্ঞানী।
আলোচনাকালে অধ্যাপক জেবা ইসলাম সেরাজ শিক্ষার্থীদের চারপাশের নানা বিষয় নিয়ে কৌতূহলী হওয়ার পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, বাস্তব জীবনের সমস্যাগুলোকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখে সেগুলোর সমাধান খুঁজতে হবে। একজন সাধারণ শিক্ষার্থী থেকে বিজ্ঞানী হয়ে ওঠার দীর্ঘ যাত্রায় দৃঢ় সংকল্প, নিয়মিত চেষ্টা ও ধৈর্যের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, কোনো বাধার মুখেই হাল ছেড়ে দেওয়া যাবে না।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলমগীর কবির এবং বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. তাজউদ্দিন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি ভবিষ্যৎ গবেষক তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।