
ঢাকা: যথাসময়ে মজুরি নির্ধারণের ইতিবাচক উদ্যোগ নেওয়ার পরও একটি চিহ্নিত মহল দেশের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। প্রথম থেকেই সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
পোস্টে উপদেষ্টা উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে পোশাক শিল্পের যাত্রা শুরু হয়েছিল এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারের সময়ও এই খাতের বিকাশে নানা পদক্ষেপ নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর স্বল্পতম সময়ে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করেছে। দেশের অর্থনীতি ও লাখ লাখ কর্মসংস্থানের কথা মাথায় রেখে মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
পতিত স্বৈরাচারের দোসরদের উসকানি ও নাশকতার মাধ্যমে শ্রমিকদের বেতনের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারখানায় আক্রমণ, ভাঙচুর ও স্থাপনায় হামলার মতো স্পর্শকাতর কর্মকাণ্ড শ্রমিকদের স্বার্থের পরিপন্থী।
উপদেষ্টা মাহদী আমিন সতর্ক করে বলেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে এবং তাদের মাঝে অনুপ্রবেশ করে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির তথ্য-প্রমাণ ইতোমধ্যে পাওয়া গেছে। কারখানা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাই। এর ফলে বেকারত্ব বাড়বে, রপ্তানি আয় কমবে এবং সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই কোনোভাবেই সন্ত্রাস, ভাঙচুর ও শিল্প ধ্বংসের সুযোগ দেওয়া হবে না এবং নাশকতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
সর্বশেষে সাধারণ শ্রমিকদের কোনো ধরনের বিভ্রান্তি, গুজব বা উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি জানানোর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এই খাতের অগ্রযাত্রার সঙ্গে গণমানুষের জীবন ও জীবিকা ওতপ্রোতভাবে জড়িত থাকায় সরকার যেকোনো যৌক্তিক দাবি আদায়ে সবসময় শ্রমিকদের পাশে রয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।