
লক্ষ্মীপুর: ‘পাঁচ, পাঁচ, ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ এমন একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছে পাসপোর্টের কাজ ও ভিসার নামে বড় অঙ্কের টাকা দাবির ওই অডিও ক্লিপটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে দেখা যায়, ফারুক হোসেন এক প্রবাসীর কাছে পাসপোর্ট, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ডের প্রাথমিক খরচের কথা বলে পাঁচ লাখ টাকা দাবি করছেন। দলীয় সূত্রে জানা গেছে, এই ঘটনা জানাজানি হওয়ার পর পরই কেন্দ্রীয় নেতৃত্ব নড়েচড়ে বসে। কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের যৌথ নির্দেশে তাঁকে সংগঠনের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফারুক হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে দলের শৃঙ্খলা পরিপন্থী ও নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
ঘটনার পর গণ অধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁর নাম ভাঙিয়ে কোনো ধরনের অনিয়ম বা ধান্দাবাজি করে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই।
আমার নাম বলে ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে (এসপি) বলা হয়েছে।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন বহিষ্কৃত নেতা ফারুক হোসেন। তাঁর দাবি, স্থানীয় একটি রাজনৈতিক চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তাঁর কণ্ঠস্বর সম্পাদনা করে এই ভুয়া অডিও তৈরি করেছে। তিনি বলেন, এলাকার এক ছোট ভাই তাঁর কাছে সাধারণ একটি পাসপোর্টের বিষয়ে সহযোগিতা চেয়েছিল এবং তিনি কেবল পাঁচ হাজার টাকা চেয়েছিলন। সেই অডিওর পাঁচ হাজার টাকার কথাকে কারসাজি করে পাঁচ লাখ টাকা বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, অডিও রেকর্ডটি হাতে পাওয়ার পর কেন্দ্রীয়ভাবে তা যাচাই করা হয়েছে এবং প্রাথমিক সত্যতা মিললে উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।