
অস্ট্রেলিয়ার গবেষকেরা বিষণ্ণতার একটি নতুন ধরন চিহ্নিত করেছেন, যার মূলে রয়েছে মানুষের ঘুমের অনিয়ম ও অভ্যন্তরীণ ঘড়ির গোলযোগ। দ্য ব্রিটিশ জার্নাল অব সাইকিয়াট্রি সাময়িকীতে প্রকাশিত নতুন এই গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, কিছু মানুষের ক্ষেত্রে রাতের ঘুম ও দৈনন্দিন জীবনযাপনের সময় এলোমেলো হয়ে যাওয়াই বিষণ্ণতার প্রধান কারণ হতে পারে। এতদিন ঘুমের সমস্যাকে বিষণ্ণতার কেবল একটি লক্ষণ হিসেবে দেখা হলেও এই গবেষণা চিকিৎসাবিজ্ঞানে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আমাদের শরীর একটি নির্দিষ্ট জৈবিক নিয়মে পরিচালিত হয়, যা মূলত অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কাডিয়ান রিদম দ্বারা নিয়ন্ত্রিত হয়। দিনের আলো এই ঘড়িকে ঠিক রাখতে সহায়তা করে। কিন্তু জীবনযাত্রার অনিয়মের কারণে এই নিয়মে গরমিল দেখা দিলে ঘুমের সমস্যা তৈরি হয়। গবেষকেরা এমন ছয়টি লক্ষণ চিহ্নিত করেছেন, যার মধ্যে রয়েছে ঋতু পরিবর্তনের সঙ্গে মেজাজের পরিবর্তন, রাতে দেরি করে ঘুমানো, স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমানো, এবং ঘুম থেকে ওঠার পরও তীব্র ক্লান্তি অনুভব করা।
গবেষণায় ১১ হাজারের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যাদের মধ্যে এই লক্ষণগুলোর অন্তত তিনটি রয়েছে, তাদের বিষণ্ণতা অন্যদের তুলনায় কম বয়সে শুরু হয়েছে এবং এর তীব্রতাও বেশি ছিল। এ ছাড়া তাদের মধ্যে এডিএইচডি এবং বাইপোলার ডিসঅর্ডারের জিনগত ঝুঁকি বেশি পাওয়া গেছে। গবেষণার প্রধান লেখক ও ইউনিভার্সিটি অব সিডনির গবেষক এমিলিয়ানা তোনিনি বলেন, কিছু মানুষের ক্ষেত্রে শরীরের ঘুম-জাগার নিয়মে সমস্যা থেকেই বিষণ্ণতা শুরু হতে পারে।
গবেষকদের চিহ্নিত করা এই নতুন ধরনের নাম দেওয়া হয়েছে সার্কাডিয়ান ডিপ্রেশন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিশেষ লক্ষণগুলো যাদের মধ্যে রয়েছে, প্রচলিত বিষণ্ণতার ওষুধ তাদের ক্ষেত্রে অনেক সময় কম কাজ করে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গের মনোরোগ বিশেষজ্ঞ কলিন ম্যাকক্লাং মনে করেন, এদের অনেকের ক্ষেত্রে বিষণ্ণতার পাশাপাশি বাইপোলার ডিসঅর্ডারও থাকতে পারে।
তবে আশার কথা হলো, ঘুমের স্বাভাবিক নিয়ম ফিরিয়ে আনতে কিছু চিকিৎসা পদ্ধতি কার্যকর হতে পারে। সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, নির্দিষ্ট সময়ে উজ্জ্বল আলোর সামনে থাকার মাধ্যমে অনেক রোগী সুস্থতার পর্যায়ে পৌঁছেছেন। গবেষকেরা এখন তরুণদের ওপর মেলাটোনিনের প্রভাব এবং ঘুমের অভ্যাস পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আরও গবেষণা চালাচ্ছেন।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।