
দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল সংক্রান্ত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই প্রজ্ঞাপন কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত। সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
গত ১৯ অক্টোবর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি একযোগে বাতিল করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই আদেশ জারি করা হয় এবং পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। ভোলা জেলার চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার সভাপতির দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, মাদ্রাসাগুলোর গভর্নিং বডি গঠন ও বাতিলের একটি সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা কমিটির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কারণ দর্শানোর নোটিশ ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নিয়ম থাকলেও কোনো ধরনের নোটিশ বা তদন্ত ছাড়া হঠাৎ করে ঢালাওভাবে কমিটি বাতিল করা আইনসম্মত নয়।
আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপন করেন যে, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বিশেষ পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে কমিটি পরিবর্তনের বাধ্যবাধকতা থাকলেও বর্তমান স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন। এর ফলে ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ বহাল থাকার আইনি পথ উন্মুক্ত হলো।
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে এই আদেশের গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের শত শত ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে উচ্চ আদালতের এই রুল এবং স্থগিতাদেশ শিক্ষা ক্ষেত্রে একটি বড় আইনি মোড় হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।