সংক্ষেপে মূল তথ্য
- লস অ্যাঞ্জেলেসের অ্যাকাডেমি মিউজিয়ামে ২৭ অক্টোবর 'রামায়ণ'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।
- ৯৪৫ অতিথির সামনে থ্রিডিতে দেখানো হবে, আমন্ত্রিত নোলান-ক্যামেরন।
বিশ্বমুক্তির আগেই ইতিহাস গড়তে যাচ্ছে নমিত মালহোত্রার 'রামায়ণ'। আগামী ২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের ডেভিড গেফেন থিয়েটারে হবে ছবিটির জমকালো ওয়ার্ল্ড প্রিমিয়ার। আমন্ত্রিত মাত্র ৯৪৫ অতিথির সামনে থ্রিডি ফরম্যাটে দেখানো হবে এই মহাকাব্যিক ছবি।
প্রিমিয়ারে আমন্ত্রণ জানানো হয়েছে হলিউডের কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলান ও জেমস ক্যামেরনসহ বিশ্ব চলচ্চিত্রের খ্যাতনামা ব্যক্তিত্বদের। এ ছাড়া কয়েকটি প্রতিবেদনে হলিউড তারকা রায়ান রেনল্ডসের নামও উঠে এসেছে, তবে তা এখনো নিশ্চিত নয়।
দিওয়ালি উৎসবের আবহে অতিথিদের ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে আসার অনুরোধ জানিয়েছেন নির্মাতারা। রেড কার্পেটেও থাকবে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।
নিতেশ তিওয়ারি পরিচালিত এই দুই পর্বের মহাযজ্ঞে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ, হনুমানের ভূমিকায় সানি দেওল ও লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে। ছবির সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী হান্স জিমার ও এ আর রহমান। প্রযোজনায় নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস, সঙ্গে ডিএনইজি ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স।
প্রথম পর্ব বিশ্বব্যাপী মুক্তি পাবে ৫ নভেম্বর। দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দিওয়ালিতে।