
কক্সবাজার: কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসল করতে নেমে বড় ঢেউয়ের ধাক্কায় তলিয়ে গিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম ও পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ১২ সদস্যের একটি পর্যটক দল হিমছড়ি সৈকতে বেড়াতে গিয়েছিল। তাদের মধ্যে পাঁচজন অসাবধানতাবশত উত্তাল সাগরে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ একটি বড় ঢেউয়ের ধাক্কায় তারা সবাই পানির নিচে তলিয়ে যান। উপকূলের কাছাকাছি থাকা লাইফগার্ড কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি নিখোঁজ দুজনকে উদ্ধারে পুলিশ ও উদ্ধারকর্মীরা কাজ করছেন।
দায়িত্বরত লাইফগার্ড সংস্থা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে হিমছড়ি ও দরিয়ানগরসহ কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে অন্তত ২০টি বিপজ্জনক গুপ্তখাল সৃষ্টি হয়েছে। জোয়ার-ভাটার কারণে এসব স্থানে পানির স্রোত ও ঘূর্ণাবর্ত অত্যন্ত শক্তিশালী থাকে। পর্যটকদের সতর্ক করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লাল নিশানা টানানো হলেও অনেক সময় দর্শনার্থীরা তা উপেক্ষা করে সাগরে নেমে পড়েন, যা এমন মর্মান্তিক দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে।
ঘটনার পর থেকে নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারের জন্য সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছেন লাইফগার্ড ও উদ্ধারকর্মীরা। তবে অন্ধকারের কারণে উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সমুদ্র সৈকতে নামার সময় আরও বেশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এবং লাল নিশানাযুক্ত এলাকায় প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।