
ঢাকা: সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি দেশের খেটে খাওয়া মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন।
পথসভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, দেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষের রক্ত ও অবদান রয়েছে। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করেছে। সরকার গঠনের পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে প্রশাসন। এরই অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে এবং ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড চালুর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
সব ধর্মের মানুষ মিলে এই দেশকে স্বাধীন করেছে, তাই আমরা চাই সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশকে গড়ার জন্য। আজ থেকে আমাদের প্রতিজ্ঞা হোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান যারা আমরা আছি এই বাংলাদেশে, এই দেশ আমাদের। এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে আমরা সকলে মিলে পরিশ্রম করবো।
সমাজকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় দেশের ধর্মীয় প্রতিষ্ঠান ও সেবকদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছে সরকার। প্রধানমন্ত্রী জানান, দেশের মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জিনদের পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্যও মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেন এবং তাদের উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন। পথসভায় উপস্থিত হাজারো জনতা হাত উঁচিয়ে সরকারের এই নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান।
বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো সমাজের প্রতিটি স্তরের মানুষের অধিকার নিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করা। বিগত দিনগুলোতে নেওয়া জনকল্যাণমুখী পদক্ষেপগুলো দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। আগামী দিনে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান প্রশাসন বদ্ধপরনিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।