
ন্যূনতম ত্রিশ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আকস্মিক সড়ক অবরোধের ফলে অচল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। সোমবার দুপুর থেকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এর ফলে সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়।
বর্তমান বাজারদরে স্বল্প বেতনের কারণে পরিবার নিয়ে জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে ন্যূনতম ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারে এই বেতনে জীবন চালানো অসম্ভব। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই বাধ্য হয়ে রাজপথে নেমেছি।
সড়ক অবরোধের ফলে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। অনেক যাত্রী বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ নাগরিকরা চরম বিপাকে পড়েন। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
আরও পড়ুন: গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন
পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল সচল করতে ঘটনাস্থলে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে শ্রমিকরা নিজেদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।