
দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ দাবি জানানো হয়। সংগঠনটির মতে, বর্তমান নিয়মে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়ছেন।
এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করেছিল। ব্যবসায়ীরা সরকারের এই উদ্যোগের প্রতি সমর্থন জানালেও মাঠপর্যায়ের বাস্তবতায় এই সময়সীমা অপর্যাপ্ত বলে মনে করছেন। তাদের ভাষ্যমতে, সন্ধ্যার পর থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়লেও দ্রুত দোকান বন্ধ করতে হওয়ায় কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না।
দেশের ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে এবং কর্মসংস্থান সুরক্ষায় রাত ৮টার পরিবর্তে অন্তত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া প্রয়োজন।
মালিক সমিতির তথ্য অনুযায়ী, রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখতে হওয়ায় বহু ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে শীতের মৌসুমে সন্ধ্যার পর ক্রেতাদের কেনাকাটার প্রবণতা বাড়ে। এই সময় দোকান বন্ধ থাকলে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। কেউ কেউ মূলধন হারিয়ে ব্যবসা গুটিয়ে নিতেও বাধ্য হচ্ছেন।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগের নিরাপত্তা বিবেচনায় অবিলম্বে এই সময়সীমা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন সমিতির নেতারা। তাদের প্রত্যাশা, সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ালে ক্রেতারা পর্যাপ্ত সময় পাবেন এবং ব্যবসায়ীদের বিক্রি ও আয় বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।