
অর্থনৈতিক নীতিনির্ধারণ ও বৈশ্বিক আর্থিক ব্যবস্থাপনায় মানবাধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান। মঙ্গলবার (২৭ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত 'দ্য পলিটিক্যাল ইকোনমি অব হিউম্যান রাইটস' শীর্ষক উচ্চপর্যায়ের এক সংলাপে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রদূত আইরিন খান তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, অর্থনৈতিক অগ্রগতির প্রকৃত মানদণ্ড কেবল জিডিপি প্রবৃদ্ধি নয়। এটি মানুষের জীবনমান উন্নয়ন, বৈষম্য হ্রাস এবং মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কতটা ভূমিকা রাখছে, সেটিও গভীরভাবে বিবেচনায় নেওয়া উচিত। এ লক্ষ্যে ন্যায্য করব্যবস্থা, সাশ্রয়ী উন্নয়ন অর্থায়ন, টেকসই ঋণ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অর্থনৈতিক অগ্রগতির প্রকৃত মানদণ্ড কেবল প্রবৃদ্ধি নয়; বরং তা মানুষের জীবনমান উন্নয়ন, বৈষম্য হ্রাস এবং মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কতটা ভূমিকা রাখছে, সেটিও বিবেচনায় নিতে হবে।
অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা ক্রমেই অল্পসংখ্যক ব্যক্তি ও গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হচ্ছে। একই সঙ্গে সামরিক ব্যয় বৃদ্ধি, ঋণের ক্রমবর্ধমান বোঝা এবং বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য মানবাধিকার সুরক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সংঘাত, ঋণ পরিশোধের উচ্চ ব্যয় ও উন্নয়ন সহায়তা হ্রাসের কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষায় প্রয়োজনীয় বিনিয়োগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ, মরক্কো, দক্ষিণ আফ্রিকা ও উরুগুয়ের জাতিসংঘ স্থায়ী মিশনের যৌথ আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে দেশগুলোর রাষ্ট্রদূত ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এবং আন্তর্জাতিক মানবাধিকার ও উন্নয়নবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নেন। বক্তারা আন্তর্জাতিক অর্থনৈতিক শাসনব্যবস্থার সংস্কার এবং ২০৩০-পরবর্তী বৈশ্বিক উন্নয়ন পরিকল্পনায় মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর ঐকমত্য প্রকাশ করেন।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কাঠামোগত বৈষম্য দূর করা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।