
সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে বিমান যোগাযোগ পুনরায় স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর অংশ হিসেবে দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট চালুর পর এবার রিয়াদ ও জেদ্দাগামী রুটেও বিশেষ সময়সূচিতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হালনাগাদ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। বাংলাদেশ সময় আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি যাত্রা করবে। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদগামী অন্যান্য নিয়মিত ফ্লাইট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সৌদি আরবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তা উন্নতির দিকে যাওয়ায় রিয়াদ ও জেদ্দা রুটে বিশেষ সময়সূচিতে ফ্লাইট পরিচালনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্লাইটগুলো পরিচালনা করা হচ্ছে।
সৌদি আরবের অন্যান্য রুটের মধ্যে জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে এবং আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। পাশাপাশি মদিনাগামী ফ্লাইট গত ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মদিনা রুটের সিডিউল অপরিবর্তিত থাকবে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্ধারিত রুটগুলোতে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। আসন বুকিং, টিকিট ক্রয় এবং ভ্রমণসংক্রান্ত অন্যান্য সহযোগিতার জন্য সম্মানিত যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।