
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। সকাল পৌনে ৯টার দিকে কেন্দ্রটিতে উপস্থিত হয়ে তিনি ভোট প্রদান করেন।
ভোটদান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মির্জা ফয়সল আমীন বলেন, সবেমাত্র ভোটগ্রহণ শুরু হয়েছে এবং প্রত্যাশা অনুযায়ী তারা নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করবেন। সকালে বাসা থেকে সরাসরি ভোটকেন্দ্রে আসায় সার্বিক পরিবেশ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা সমীচীন হবে না বলে জানান তিনি। তবে তার ধারণা, ভোটগ্রহণ প্রক্রিয়া উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে তিনি কোনো ধরনের শঙ্কা দেখছেন না।
তিনবার বললাম, শতভাগ। আমি ভোট প্রদান করেছি। সবেমাত্র ভোট শুরু হয়েছে। প্রত্যাশা তো অবশ্যই জয়। আমরা নিরঙ্কুশ জয় লাভ করব, ইনশাআল্লাহ। - মির্জা ফয়সল আমীন, বিএনপির প্রার্থী
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। এদিকে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রার্থী জানান, এ বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এলাকার সব ভোটারই শান্তিপূর্ণভাবে ভোট দিতে চান। আবহাওয়ায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভোটারদের উপস্থিতি ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচন সুষ্ঠু করতে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চারজন বিদেশি পর্যবেক্ষকসহ মোট ১৭৭ জন দেশি পর্যবেক্ষক মাঠপর্যায়ে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। বিকেল চারটা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।