
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই কথা জানান। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিদেশে অবস্থানকালে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পরে সঙ্গে থাকা সহযোগীর সহায়তায় ড. ইউনূস নিরাপদে সামনের দিকে এগিয়ে যান। শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের কারণেই তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূসের সরকারের কার্যক্রম নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতেই পারে, কিন্তু এ ধরনের আক্রমণাত্মক হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও উল্লেখ করেন, এর আগে সরকারের একজন প্রতিমন্ত্রীর ক্ষেত্রেও একই ধরনের আচরণের চেষ্টা করা হয়েছিল এবং জুলাই অভ্যুত্থানে সংহতি প্রকাশ করা এক অভিনেত্রীও হেনস্তার শিকার হয়েছেন। এসব ঘটনাকে সরকার আওয়ামী লীগের সুনির্দিষ্ট রাজনৈতিক সন্ত্রাস বলে অভিহিত করেছে।
সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের যে ভিভিআইপি মর্যাদা পাওয়ার কথা, যুক্তরাষ্ট্রে তার নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ধরনের ঘাটতি ছিল কি না, তা সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। ইতোমধ্যে অভিনেত্রীর হেনস্তার ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ড. ইউনূসের ক্ষেত্রেও প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।
উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেউ যদি এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখে, তবে তা কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ও আইনানুগ প্রতিরোধ গড়ে তোলা হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।